দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ম্যাকাই টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসী টাইগাররা এবারও শক্তিশালী একাদশ নিয়ে খেলতে চায়। তবে ম্যাকাইয়ের বাউন্সি উইকেট বিবেচনায় চার পেসার নিয়ে নামার সম্ভাবনাও জোরালো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন ইঙ্গিতই দিয়েছেন। তিনি জানান, উইকেটের আচরণ দেখে দল নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ম্যাকাইয়ের কন্ডিশন নিয়ে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা যে উইকেটে অনুশীলন করেছি, সেখানে বাউন্স একটু বেশি ছিল। স্কোয়াডে থাকা পাঁচ পেসারই প্রস্তুত আছে। একই সঙ্গে আমাদের দুই স্পিনারও রয়েছে, যারা যেকোনো কন্ডিশনে ভালো বোলিং করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ শুরু হওয়ার আগে আরও কিছু সময় আছে। সকালে আবার উইকেট দেখব। দলের জন্য যে সিদ্ধান্ত সবচেয়ে ভালো হবে, সেটাই নেওয়ার চেষ্টা করব।’
ম্যাকাইয়ের আবহাওয়া ও কন্ডিশন বোলারদের সহায়তা করতে পারে বলেও মনে করেন টাইগার অধিনায়ক। তাঁর ভাষ্য, ‘এখানকার বাতাসের কারণে রিভার্স সুইং ও কিছুটা প্রচলিত সুইং পাওয়ার সুযোগ থাকবে। বোলাররা যদি পরিস্থিতিকে কাজে লাগাতে পারে, তাহলে এটি তাদের জন্য বড় সুযোগ হয়ে উঠবে।’
ডারউইনে স্মরণীয় জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে স্বীকার করলেও সেটিকে অতীত হিসেবেই দেখছেন শান্ত। তিনি বলেন, ‘এ ধরনের জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়ায়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে দ্রুত নতুন চ্যালেঞ্জের দিকে মনোযোগ দেওয়া জরুরি। গত দুই দিনের অনুশীলনে সবাই ভালোভাবে ফিরে এসেছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ডারউইনের জয় এখন অতীত।’
তিনি আরও বলেন, ‘এই কন্ডিশনে কীভাবে নিজেদের মানিয়ে নেওয়া যায়, তা নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। আশা করি, সবাই নতুন উদ্যমে মাঠে নামবে এবং আবারও ভালো ক্রিকেট খেলতে পারবে।’
এমএস/